জাতীয়

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট প্রাণহানি ৬

ঢাকা, ২৮ এপ্রিল – সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন।

সোমবার দিবাগত রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মৃত ছয়জনই পুরুষ এবং তাদের মধ্যে একজন মক্কায় ও পাঁচজন মদিনায় মারা গেছেন। সর্বশেষ সোমবার মদিনায় জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই এবং মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন মৃত্যুবরণ করেন। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা স্বাভাবিকভাবে মারা গেছেন।

এর আগে ২১ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও দিনাজপুরের আরও চারজন হজযাত্রী মারা যান। অন্যদিকে এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন হজযাত্রী রয়েছেন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৮টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language