জাতীয়
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ফরহাদ সিদ্দিক

ঢাকা, ২৮ এপ্রিল – বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিককে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়েছে।
অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে বর্তমান মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই প্রশাসনিক রদবদল অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬









