জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যশোর সফরে তারেক রহমান

যশোর, ২৭ এপ্রিল – সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস বাংলার একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সড়কপথে শার্শা উপজেলার উলাশীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে বেলা সাড়ে ১১টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর তিনি সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশে অংশ নেন। সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় তিনি যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী যশোরের পৌনে দুইশ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

এরপর যশোর সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। দিনভর কর্মসূচি শেষে রাত ৮টায় বিমানে করে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে তিনি এ জেলায় এসেছিলেন।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language