প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ২৬ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্বকে অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন। ওয়াশিংটনের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনার পর নিজের নিরাপত্তা ও মানসিক অবস্থা নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেন তিনি। ট্রাম্প জানান, এই দায়িত্ব বিপজ্জনক হলেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি। একই সাথে তিনি উল্লেখ করেন যে, এই হামলার আগে কোনো প্রকার হুমকি বা আগাম সতর্কবার্তা তাদের কাছে ছিল না।
গত শনিবার রাতে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আয়োজিত নৈশভোজ চলাকালীন গুলির শব্দ শোনা গেলে দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সিক্রেট সার্ভিস জানিয়েছে, অন্তত সাত থেকে আটটি গুলির শব্দ পাওয়ার সাথে সাথে তারা অতিথিদের নিরাপত্তার ব্যবস্থা করেন। ট্রাম্পের পাশাপাশি এফবিআই প্রধান কাশ প্যাটেলকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
সিএনএন জানায়, হামলার ঘটনায় সন্দেহভাজন শ্যুটারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ আনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ঝুঁকিপূর্ণ জীবন হলেও তিনি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। সিক্রেট সার্ভিসের প্রশংসা করে তিনি বলেন, অনেক সদস্য সাধারণ পোশাকে সেখানে উপস্থিত ছিলেন বলেই নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছে। ট্রাম্প আরও জানান যে, এই ধরনের পরিস্থিতিতে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তিনি পরিস্থিতি শান্তভাবে মোকাবেলা করছেন এবং দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









