বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়, বাতাসের মান অস্বাস্থ্যকর

ঢাকা, ২৬ এপ্রিল – বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বৃদ্ধির কারণে আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রোববার ঢাকার বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১২২। এই স্কোরের মাধ্যমে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
এই তালিকায় ২২৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি এবং ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই ও চীনের চেংদু শহর।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে বিবেচিত হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে সেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু এবং বয়স্ক ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের জন্য বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









