তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা, উচ্চ সতর্কতায় ইরান

তেহরান, ২৪ এপ্রিল – ইরানের রাজধানী তেহরানে রহস্যময় কিছু লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে উচ্চ ক্ষমতাসম্পন্ন এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো থেকে তৎপরতা শুরু হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আকাশে সন্দেহভাজন কোনো বস্তুকে প্রতিহত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর প্রতিরক্ষা ব্যাটারিগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে তাৎক্ষণিক কার্যক্রম শুরু করে। নূর নিউজও তেহরানের একাধিক স্থানে এই ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে শনাক্ত হওয়া লক্ষ্যবস্তুর ধরন বা কোথা থেকে সেগুলো এসেছে, সে সম্পর্কে দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সেই প্রেক্ষাপটে তেহরানের আকাশে এমন তৎপরতা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









