জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৩ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস। এ সময় তার সঙ্গে ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে বাটার পরিকল্পনা এবং দেশের শিল্পখাতের উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্পখাতে বাটা গ্রুপের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। তিনি জুতা শিল্পের রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বাটার অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী জানান যে ভবিষ্যতে প্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা করা হবে।

বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা ও ফুটওয়্যার শিল্পের বিকাশ নিয়ে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় বাটার সামাজিক উদ্যোগগুলোও গুরুত্ব পায় বিশেষ করে বাটা চিলড্রেনস প্রোগ্রামের মাধ্যমে শিশুদের জন্য গৃহীত কার্যক্রমের বিষয়ে আলোকপাত করা হয়।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির।

বাটা বাংলাদেশ জানিয়েছে তারা দেশের মানুষের জন্য বিশ্বমানের প্রযুক্তি এবং সাশ্রয়ী পণ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর সহযোগিতা ও উৎসাহের জন্য বাটা কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language