আইন-আদালত

মাহমুদুল হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৪ দিনের রিমান্ডে

ঢাকা, ২৩ এপ্রিল – রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত মাহমুদুল হাসান হত্যা মামলায় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক পরিচালক মো. আফজাল নাছেরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয় যে প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে আফজাল নাছেরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আন্দোলনের সময় তার নির্দেশে ব্যাপক নাশকতামূলক কার্যক্রম চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত চার দিনের রিমান্ডের এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ মার্চ গভীর রাতে মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে যোগ দিয়েছিলেন মাহমুদুল হাসান। বিকেল ৪টার দিকে মিছিলটি উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পৌঁছালে অজ্ঞাত আসামিরা গুলিবর্ষণ শুরু করে। এতে মাহমুদুল হাসান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language