জাতীয়

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও পোশাক দেবে সরকার

ঢাকা, ২২ এপ্রিল – দেশের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পাটজাত ব্যাগ এবং স্কুল ইউনিফর্ম বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হবে। প্রথম মাসে প্রায় এক লাখের বেশি শিক্ষার্থীর কাছে ব্যাগ ও ইউনিফর্ম পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। পর্যায়ক্রমে দেশের সব ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ ও ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মেড ইন বাংলাদেশ স্লোগানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।

এই উদ্যোগের মাধ্যমে ধনী ও দরিদ্রের ব্যবধান কমিয়ে সমাজে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের একই ধরনের পোশাক ও ব্যাগ প্রদানের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হবে। পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং পলিথিনের নেতিবাচক প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করাই এই মহতী উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language