মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা নিয়ে সংসদে সরকারের ব্যাখ্যা

ঢাকা, ২১ এপ্রিল – জাতীয় সংসদে আজ মোবাইল ইন্টারনেট ব্যবহারের ডাটা প্যাকেজ ও এর মেয়াদ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। বর্তমানে দেশে প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রাহকদের চাহিদার ভিন্নতা মাথায় রেখে অপারেটরদের প্যাকেজ সাজাতে হয়।
ইন্টারনেট ডাটার মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা বাতিল হওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং গ্রাহক স্বার্থ রক্ষায় এই সমস্যা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্ত্রী জানান। তিনি উল্লেখ করেন যে, উচ্চ স্থাপন ও পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে অপারেটরগুলো ক্ষুদ্র মেয়াদের সাশ্রয়ী প্যাকেজ অফার করে। ডাটার মেয়াদের বিষয়টি কেবল ব্যবসায়িক নয়, বরং এর পেছনে কারিগরি, অর্থনৈতিক ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা জড়িত। বিশ্বের প্রায় সব দেশেই এই ধরনের মেয়াদভিত্তিক প্যাকেজ ব্যবস্থা প্রচলিত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনলে বা অটো রিনিউ করলে অব্যবহৃত ডাটা পরবর্তী সময়ের সঙ্গে যুক্ত করার সুযোগ রয়েছে। এতে গ্রাহকের ডাটা হারানোর ভয় থাকে না। এ ছাড়া বিটিআরসির নির্দেশনায় সকল অপারেটরের দীর্ঘমেয়াদী বা ১০ বছর মেয়াদের প্যাকেজ রয়েছে যা কার্যত আনলিমিটেড মেয়াদের সমান। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক ইতোমধ্যে তিনটি আনলিমিটেড ডাটা প্যাকেজ বাজারে ছেড়েছে যেখানে ডাটা শেষ না হওয়া পর্যন্ত মেয়াদ শেষ হবে না।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









