শিক্ষা

১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী নিয়ে আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

ঢাকা, ২১ এপ্রিল – সারা দেশে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ২১ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

শিক্ষা বোর্ডগুলোর রুটিন অনুযায়ী প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বিগত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত ২০২৫ সালের তুলনায় এবার প্রায় ৭৯ হাজার পরীক্ষার্থী কম।

সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বড় ধরনের পাবলিক পরীক্ষা।

তথ্যানুসারে দুই বছর আগে নিবন্ধন করলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে না।

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে যানজট ও জনদুর্ভোগ এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

লিখিত পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ১৪টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের নির্ধারিত আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদে অন্য সব বিষয়ে এই দুই অংশের মাঝখানে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। পরীক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে ওএমআর ফরম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরা কেবল শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবেন।

পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language