জাতীয়

সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

ঢাকা, ২০ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদীয় আসনের আনুপাতিক হার অনুযায়ী জোটটি মোট ১৩টি সংরক্ষিত আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।জোটের নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ আনুষ্ঠানিকভাবে এই নামগুলো ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী থেকে আটজন এবং জাতীয় নাগরিক পার্টি থেকে দুইজন প্রার্থী মনোনীত হয়েছেন। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মধ্য থেকে একজন করে প্রার্থীকে এই জোট থেকে মনোনীত করা হয়েছে।

জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম এবং ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।

জাতীয় নাগরিক পার্টি থেকে মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু এবং জাগপা থেকে ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এই তালিকায় স্থান পেয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে। সেই ফলের ভিত্তিতে সংসদের ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে জামায়াত জোট ১৩টি আসন বরাদ্দ পেয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ৬ বছর বয়সী জাবির ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরার রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন মঙ্গলবার। আগামী ১২ মে এই নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনীত প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেবেন।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language