ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৯ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনে কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়। বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান, ডা. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিনকাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।
সভার শুরুতে সভাপতি সভার আলোচ্য সূচি পাঠ করেন এবং সংসদ লাইব্রেরির ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সংসদ সদস্যদের সংসদীয় বিভিন্ন শব্দের সাথে পরিচিত করতে সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত একটি তথ্যপত্র অধিবেশনে উপস্থাপনের সুপারিশ করে কমিটি। বৈঠকে সংসদ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং সদস্যদের বিস্তারিত তথ্য সংবলিত একটি ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডাটাবেজ তৈরির লক্ষ্যে হুমাম কাদের চৌধুরীকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। পাশাপাশি ইউএনডিপির প্রজেক্ট থেকে প্রাপ্ত বাজেট যাচাইয়ের জন্য এ বি এম মোশাররফ হোসেনের নেতৃত্বে আরেকটি সাব-কমিটি গঠিত হয়। এছাড়া বৈঠকে প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর অব পার্লামেন্ট বইটি বাংলায় অনুবাদের সুপারিশ করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









