জ্বালানি সংকট নিয়ে জাতীয় সংসদে সরকারের তীব্র সমালোচনা করলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ এপ্রিল – দেশের চলমান জ্বালানি সংকট এবং তেলের তীব্র মূল্যবৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে সরকারের তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি দাবি করেন যে সরকারের পক্ষ থেকে দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত থাকার দাবি করা হলেও মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন বর্তমানে রাস্তায় তেলের জন্য কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
চালকরা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে চলা অধিবেশনে রুমিন ফারহানা বলেন সরকার জ্বালানি নিয়ে প্রকৃত তথ্য গোপন করে জনগণের সঙ্গে সঠিক আচরণ করছে না। সরকারের হাতে যদি পর্যাপ্ত জ্বালানি মজুতই থাকে তবে কেন তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হলো এবং কেন পাম্পগুলোতে হাহাকার তৈরি হয়েছে সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে জ্বালানি সাশ্রয়ের অজুহাতে মার্কেটপ্লেস বন্ধের সময় পরিবর্তন এবং অফিস আদালতের কর্মঘণ্টার বিন্যাস অদূরদর্শী সিদ্ধান্ত।
সাধারণ মানুষ সাধারণত সন্ধ্যার পরেই কেনাকাটা করতে পছন্দ করে তাই রাত ৭টায় বাজার বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়িক ক্ষতির কারণ হতে পারে। বক্তব্যের একপর্যায়ে তিনি দেশে বর্তমানে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুত কতদিনের রয়েছে তা সুনির্দিষ্টভাবে প্রকাশের দাবি জানান। একইসাথে তেলের কোনো মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না সে বিষয়ে সরকারের বক্তব্য দাবি করেন। তবে তার বক্তব্যের শেষের দিকে সরকারি দলের সংসদ সদস্যদের হট্টগোলের মুখে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









