জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা: জ্বালানি মন্ত্রী

ঢাকা, ১৯ এপ্রিল – অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতের কারণে জ্বালানি পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো বাস্তব সংকট নেই। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের মার্চ মাসে সমপরিমাণ তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুত ও কালোবাজারি করায় পাম্পগুলোতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, মোটরসাইকেলে সীমিত পরিমাণে তেল দেওয়া বা রং লাগানোর বিষয়ে সরকার কোনো নির্দেশনা প্রদান করেনি।
মূলত আতঙ্কিত হয়ে অতিরিক্ত ক্রয়ের প্রবণতা এবং অবৈধ মজুতের ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। মন্ত্রী জানান, সারা দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসনসহ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ট্যাগ অফিসাররা কাজ করছেন। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
এখন পর্যন্ত ৯ হাজার ১১৬টি অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায়ের পাশাপাশি ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সিন্ডিকেট ও কালোবাজারি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









