মক্কা ও পবিত্র স্থানে প্রবেশে নুসুক কার্ড বাধ্যতামূলক, হাজিদের প্রতি বিশেষ নির্দেশনা

ঢাকা, ১৯ এপ্রিল – মক্কা, মসজিদে হারাম এবং হজের বিভিন্ন পবিত্র স্থানে প্রবেশের জন্য ‘নুসুক কার্ড’ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। রবিবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, নুসুক কার্ড ছাড়া হজযাত্রীরা মক্কা ও তৎসংলগ্ন পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি পাবেন না। তাই হজযাত্রীদের সব সময় এই কার্ডটি সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে।
হজ পোর্টালের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জনসহ মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। উল্লেখ্য যে, গত শুক্রবার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১৮ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটে ৪১৬ জন যাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬









