ইউরোপ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় শিশুসহ নিহত ১৭

কিয়েভ, ১৭ এপ্রিল – রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এসব হামলায় ১২ বছরের এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাজধানীতে এক শিশুসহ চারজন প্রাণ হারিয়েছেন। একটি ড্রোন ১৮ তলা বিশিষ্ট আবাসিক ভবনে আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।

কিয়েভজুড়ে চালানো এ হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে জরুরি বিভাগের কর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন। হামলার পর কিয়েভের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং উদ্ধারকাজ চলাকালে পোড়া গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওদেসায় একই সময়ে চালানো হামলায় আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সেখানে একটি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। দনিপ্রো নগরীতে বুধবার সন্ধ্যা ও রাতে চালানো হামলায় আরও চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে মস্কো জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত বিদ্যুৎ স্থাপনা এবং ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার তুয়াপসে বন্দর ও অধিকৃত ক্রাইমিয়ায় ড্রোন হামলা চালায়। রুশ কর্মকর্তাদের দাবি অনুযায়ী, তুয়াপসে ইউক্রেনের ড্রোন হামলায় এক কিশোরীসহ দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। তুয়াপসে এলাকাটি রাশিয়ার অন্যতম প্রধান তেল শোধনাগার এবং সার রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language