টাইম ১০০ তালিকায় তারেক রহমান বাংলাদেশের জন্য গৌরব ও মাইলফলক: মাহদী আমিন

ঢাকা, ১৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থান পাওয়া বাংলাদেশের জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, এই স্বীকৃতির মাধ্যমে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অসামান্য অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো।
একটি কঠিন সময়ে যখন দেশে মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ছিল না, তখন তিনি সাহস ও অটল বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে এসেছেন। উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহু লড়াই ও সংগ্রামের পথ পেরিয়ে আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। অবাধ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষায় তাঁর ভূমিকা আজ বিশ্বমঞ্চে প্রশংসিত।
স্বদেশ প্রত্যাবর্তনের সময় তিনি একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা দিয়েছিলেন, সেই অনুযায়ী বর্তমানে নির্বাচিত সরকার কাজ করছে। মাহদী আমিনের মতে, টাইমের এই স্বীকৃতি প্রমাণ করে যে ক্ষমতা নয় বরং জনগণের অধিকারই একজন নেতার প্রকৃত শক্তি। তিনি এই সম্মানকে দেশের প্রতিটি নাগরিকের এবং গণতন্ত্রের বিজয় হিসেবে বর্ণনা করেন।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









