জাতীয়

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ৩০ শতাংশ পেঁয়াজ: সংসদে কৃষিমন্ত্রী

ঢাকা, ১৫ এপ্রিল – সঠিক সংরক্ষণের অভাবে বাংলাদেশে উৎপাদিত ২৫ থেকে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, পেঁয়াজের এই পচন রোধ করা সম্ভব হলে দেশ এই খাতে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য প্রদান করেন। সংসদ অধিবেশনটিতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কৃষিমন্ত্রী জানান, রাজবাড়ী জেলাসহ পেঁয়াজ ও রসুন অধিক উৎপাদনশীল এলাকায় প্রকল্পের আওতায় মোট ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কৃষক পর্যায়ে প্রণোদনা হিসেবে এরই মধ্যে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালী উপজেলায় ২৬০টি এবং বালিয়াকান্দি উপজেলায় ৪৯৫টি এয়ার-ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন সম্পন্ন হয়েছে।

কৃষি বিপণন অধিদফতরের মাধ্যমে বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিতরণ কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে পর্যালোচনার অধীনে রয়েছে। পরিকল্পনা অনুমোদিত হলে রাজবাড়ী-২ আসনের আওতাভুক্ত তিনটি উপজেলায় ৮০০ থেকে এক হাজার মেশিন বসানোর লক্ষ্য রয়েছে সরকারের।

মন্ত্রী আরও বলেন, বিশেষ করে রাজবাড়ী জেলা পেঁয়াজ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে বিপুল পরিমাণ ফসল নষ্ট হচ্ছে। আধুনিক এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ ৮ থেকে ৯ মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব এবং এতে অপচয় কমে মাত্র দুই থেকে চার শতাংশে নেমে আসবে। এই ব্যবস্থা কার্যকর হলে বাংলাদেশের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং দেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language