যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্ক নিয়ে আস্থার সংকট আছে, এক রাতে সমাধান সম্ভব নয়: জে ডি ভ্যান্স

ওয়াশিংটন, ১৫ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের আস্থার সংকট রয়েছে এবং তা ‘এক রাতের মধ্যে’ দূর হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়—এ বিষয়টিকে তিনি ‘খুব ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন।
গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ নামের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভ্যান্স বলেন, “ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই ব্যাপক মাত্রার আস্থার সংকট রয়েছে। এক রাতে এই সংকটের সমাধান হবে না। তবে তারা যে আমাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে চাইছে— এটা ইতিবাচক এবং এ ইস্যুতে আমরা এখন যে অবস্থানে আছি, তাতে আমি খুবই খুশি।”
ইরানের পারমাণবিক প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের যুদ্ধের পর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি করা। তবে ২২ ঘণ্টা আলোচনা হলেও কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদের বৈঠক শেষ হয়।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬









