বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন, কারওয়ান বাজারে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

ঢাকা, ১৪ এপ্রিল – রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে একটি উড়ন্ত গ্যাস বেলুন আটকে যাওয়ার কারণে ট্রেন চলাচল প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেলুনটি অপসারণ করলে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়। মঙ্গলবার বেলা ১২টা ৫০ মিনিটে কারওয়ান বাজার অংশে মেট্রোরেলের হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুনটি আটকে যাওয়ার খবর পাওয়া যায়।
দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রাতুল গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কন্ট্রোল রুমে সংবাদ আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং হাইভোল্টেজ তার থেকে সাবধানে বেলুনটি সরিয়ে ফেলা হয়। এরপর দুপুর ১টা ৫ মিনিট থেকে কারওয়ান বাজার স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল আবারও শুরু হয় এবং যাত্রীদের অপেক্ষার অবসান ঘটে।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









