মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত, হাসপাতালে হামলা

বৈরুত, ১৪ এপ্রিল – দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে সেখানে এক ভয়াবহ সংঘর্ষে তাদের এক সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ জানায় নিহত ওই সেনার নাম সার্জেন্ট মেজর আইয়াল উরিয়েল বিয়াঙ্কো। তিনি একজন রিজার্ভিস্ট ছিলেন। সংঘর্ষের সময় তিনি প্রাণ হারান।

আহত সেনাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার যাচাই করা একটি ভিডিও ফুটেজে দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। ইসরায়েলি হামলার পর হাসপাতালটির ভেতরে ব্যাপক ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে।

সেখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে ভাঙা কাচ এবং উল্টে যাওয়া বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। হাসপাতালের বাইরের অবকাঠামো ধসে পড়ায় পার্কিং এলাকায় থাকা অনেক গাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে হাসপাতালে চালানো এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উল্লেখ্য গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language