মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারের জেরে কিশোর গ্যাং লিডার নিহত, আটক ৩

ঢাকা, ১২ এপ্রিল – রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের তথ্যমতে নিহত যুবকের নাম ইমন ওরফে এলেক্স ইমন। তিনি স্থানীয় কিশোর গ্যাং এলেক্স গ্রুপের মূল হোতা ছিলেন।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান এলেক্স ইমন গ্রুপ এবং আরমান শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মো. সাইফ, তুহিন এবং মো. রাব্বি কাজী নামের তিন যুবককে আটক করে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার এবং একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায় নিহত ইমন রায়ের বাজার এলাকার চিহ্নিত এক কিশোর গ্যাংয়ের প্রধান ছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মূলত রায়েরবাজার এলাকায় এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় অস্ত্র হাতে একদল যুবক আরেক দলকে ধাওয়া করছে। দৌড়ে পালানোর সময় ইমন মাটিতে পড়ে যান। তখন তার হাতেও একটি ধারালো অস্ত্র ছিল। মাটিতে পড়ে যাওয়ার পর প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে ইমনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার হাঁটু এবং হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষত পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬









