জাতীয়

জামিন পেয়ে কারামুক্ত হলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন

ঢাকা, ১২ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার এলাকা ত্যাগ করেন।

এর আগে, গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে ড. শিরীন শারমিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই তাকে জুলাই আন্দোলনের সময় আশরাফুল নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে মোট দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার কারামুক্তিতে কোনো আইনি বাধা ছিল না।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় আশরাফুল ওরফে ফাহিম নামের একজনের চোখে গুলি লাগে। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন আহত আশরাফুল। এই মামলায় ড. শিরীন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করলেও আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। অবশেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি পেলেন।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language