জাতীয়

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অনেকটা সুস্থ, দর্শনার্থী প্রবেশে চিকিৎসকদের কড়া নিষেধ

লালমনিরহাট, ১২ এপ্রিল – লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ। শনিবার রাতে মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানিয়ে তিনি এই কথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এছাড়া আরও অনেক শুভাকাঙ্ক্ষী তার স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছেন।

তবে চিকিৎসকদের কড়া নির্দেশনা থাকায় বর্তমানে কাউকে মন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। একান্ত সচিব সেলিম আহমদ আরও জানান, গত কয়েক দিন ধরে বিভিন্ন জরুরি রাষ্ট্রীয় কাজে মন্ত্রীকে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছিল। টানা কয়েক দিন পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণেই মূলত তিনি শারীরিক দুর্বলতা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। মন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার লালমনিরহাটে যাওয়ার পথে আকস্মিক অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে মন্ত্রীকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স যোগে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language