জাতীয়

বাগেরহাটে কুমিরের মুখে কুকুরের মৃত্যু: তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

বাগেরহাট, ১১ এপ্রিল – বাগেরহাটে হজরত খানজাহান (রহ.) এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থীরা প্রাণীটিকে বাঁচানোর বদলে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মানবিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে এলে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।

শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী বলেন, বাগেরহাটের এই অমানবিক ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি জানান, শুধু একজন প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও তিনি মর্মাহত। তারেক রহমান এই দেশকে সব প্রাণের বসবাসের উপযোগী অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

প্রতিমন্ত্রীর এই নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনা তদন্তে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার ভূমি এম শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ উল হাসান।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language