ইস্টার উপলক্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

মস্কো, ১০ এপ্রিল – অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে সাময়িক স্বস্তির বার্তা দিয়ে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শনিবার বিকাল থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই যুদ্ধবিরতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব রণাঙ্গনে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেকোনো ধরনের সম্ভাব্য উসকানি মোকাবিলায় রুশ সেনাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারা সেই অনুযায়ী কাজ করবে।
তিনি মনে করেন একটি হুমকিমুক্ত ইস্টার প্রকৃত শান্তির পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। তবে এই যুদ্ধবিরতি নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে। গত বছরও একই ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। সে সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন এই সিদ্ধান্ত আগে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি আলোচনার অংশ নয়। চার বছর ধরে চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতিকে সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৈশ্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









