জাতীয়

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের আরও ১০টি বিল সর্বসম্মতিক্রমে পাস

ঢাকা, ১০ এপ্রিল – অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করার লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে এই বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। বিলগুলোর ওপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন হয়নি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

জ্ঞাতব্য যে, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিত অবস্থায় এবং ১৫টি সংশোধনীসহ পাসের সুপারিশ করেছিল। এছাড়া বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি অধিকতর শক্তিশালী করে নতুন বিল আকারে আনার প্রস্তাব দেওয়া হয়। শুক্রবার সকালে পাস হওয়া বিলগুলো বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী অপরিবর্তিত অবস্থায় পাস হয়েছে। অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের বিলগুলো উত্থাপন করেন।

এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী সংশোধন বিল ২০২৬ পাসের প্রস্তাব দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল ২০২৬ উত্থাপন করেন। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা বিল ২০২৬, এক্সাইজেস এন্ড সল্ট বিল ২০২৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language