শেরপুর ৩ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির মাহমুদুল হক রুবেল

শেরপুর, ৯ এপ্রিল – শেরপুর ৩ আসনের স্থগিত হওয়া নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
মোট ১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া বাসদ মনোনীত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এ আসনে মোট ৫২ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬টি ভোট।
ভোটগ্রহণ চলাকালে বিকেল সোয়া তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। তিনি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, হুমকি প্রদান এবং জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে বিজয়ী প্রার্থী মাহমুদুল হক রুবেল জানান, নিশ্চিত পরাজয় জেনে তিনি এসব ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে জামায়াত সমর্থিত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এই আসনে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিলে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









