জাতীয়

দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, ৭ এপ্রিল – জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনী লড়াইয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, অসংখ্য নেতাকর্মী নানা প্রতিকূলতা এবং বহিষ্কারের ভয় উপেক্ষা করে তার পাশে দাঁড়িয়েছেন।

ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যারা তার জন্য কাজ করেছেন এবং তাকে ছেড়ে যাননি, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জানান। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখে তিনি জানান, দল থেকে মনোনয়ন না পাওয়ার কারণেই তিনি বুঝতে পেরেছেন দেশের নানা প্রান্তের লাখো মানুষের ভালোবাসা ও দোয়া তার সঙ্গে রয়েছে।

দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে দেশজুড়ে মানুষের এই অকৃত্রিম ভালোবাসা অনুধাবন করার সুযোগ হয়তো তার হতো না বলে তিনি মনে করেন। বক্তব্যের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রুমিন ফারহানা। তিনি উল্লেখ করেন, বেগম জিয়াই তাকে অত্যন্ত স্নেহের সঙ্গে রাজনীতিতে নিয়ে এসেছিলেন। বর্তমান সংসদে সাবেক এই প্রধানমন্ত্রীর অনুপস্থিতি এক বিশাল অপূর্ণতা তৈরি করেছে, যা কখনো পূরণ হওয়ার নয় বলেও তিনি মন্তব্য করেন।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language