স্বাস্থ্য

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস

ঢাকা, ৭ এপ্রিল – আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি বাংলাদেশেও এ বছর দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যখাতে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়। ওই বছরের জুন ও জুলাই মাসে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠনতন্ত্র গৃহীত হয়। পরবর্তীতে ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

প্রতি বছর সংস্থাটি বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য ইস্যুকে কেন্দ্র করে দিবসটি পালন করে থাকে। দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

এছাড়াও বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে।

চিকিৎসা সেবার পাশাপাশি তারা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে ফাউন্ডেশনের উদ্যোগে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ বিষয়ক একটি গণমুখী সেমিনার অনুষ্ঠিত হবে। মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সকাল ৯টায় এই সেমিনার হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকবেন।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language