জাতীয় সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

ঢাকা, ৬ এপ্রিল – দেশের নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে এই বিলটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।
সংসদীয় কার্যক্রমের শুরুতে স্পিকার বিলটির ওপর দফাওয়ারি সংশোধনীগুলো হাউসে উত্থাপন করেন। কোনো সংশোধনী না থাকায় বিলের বিভিন্ন ধারা এবং শিরোনাম ও প্রস্তাবনাগুলো কণ্ঠভোটে গৃহীত হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে এই সংশোধনী আনা হয়েছে।
আইনমন্ত্রী আরও উল্লেখ করেন যে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশটিকে আইনের ধারাবাহিকতা রক্ষায় সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করার বাধ্যবাধকতা ছিল। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হওয়ায় এখন থেকে সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন আরও সহজ হবে।
মন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করলে স্পিকার তা ভোটে দেন এবং সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
উল্লেখ্য ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে গত বছর ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। এই বিল পাসের মাধ্যমে সেটি এখন পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬









