জাতীয়

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ, খেলাপি ঋণ সাড়ে ৫ লাখ কোটি

ঢাকা, ৬ এপ্রিল – দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় সংসদে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শীর্ষ ২০ ঋণখেলাপির নাম এবং তাদের ঋণের পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।

তিনি জানান দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা।

জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান।

অর্থমন্ত্রী শীর্ষ ২০ ঋণখেলাপির একটি তালিকা তুলে ধরেন। প্রতিষ্ঠানগুলো হলো এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।

অর্থমন্ত্রী আরও জানান বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

আদালতের নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকার ঋণ খেলাপি হিসেবে দেখানো হয়নি।

খেলাপি ঋণ আদায়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন যেসব ব্যাংকে ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণ রয়েছে সেসব ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করা হচ্ছে। এর মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক আয়োজিত প্রতিটি ব্যাংকার্স সভায় শীর্ষ ২০ খেলাপি ঋণ পুনরুদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের শনাক্ত করতে ব্যাংকিং কোম্পানি আইনের আলোকে একটি নীতিমালাও জারি করা হয়েছে বলে জানান তিনি।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language