শিক্ষা

স্কুল বন্ধ বা অনলাইন ক্লাসে যাওয়ার পরিকল্পনা নেই সরকারের: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ এপ্রিল – দেশে চলমান হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা বা অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় অনলাইন ক্লাসের বদলে সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান করছে। সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় কাজ করছে। আগামী জুন এবং জুলাই মাস নাগাদ সরকার শিক্ষা খাতে বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। এসব পদক্ষেপের মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং বিদ্যালয়ের বর্তমান অবস্থা যাচাই করতেই তিনি এই আকস্মিক পরিদর্শনে বের হন। তিনি জানান, প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কারের ওপর সরকার বিশেষ জোর দিচ্ছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর জন্য ক্লাস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মন্ত্রণালয় মনে করে। প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হয় না উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সশরীরে উপস্থিত থেকে পাঠদানকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রয়েছে এবং পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language