ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা সম্পূর্ণ নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

ওয়াশিংটন, ৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানরত অবস্থায় কোনো ডিগ্রি বা ক্রেডিটভিত্তিক অ্যাকাডেমিক প্রোগ্রামে ভর্তি হওয়া সম্পূর্ণ বেআইনি ও কঠোরভাবে নিষিদ্ধ। সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিশেষ বার্তার মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়েছে।
দূতাবাসের দেওয়া ওই বার্তায় স্পষ্ট করে জানানো হয়েছে যে, বি১ বা বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন বা পড়ালেখা করা যাবে না। এমনকি খুব অল্প সময়ের জন্যও যদি কেউ এই ভিসার শর্ত লঙ্ঘন করে কোনো শিক্ষা কার্যক্রমে যুক্ত হন তবে তা ভিসার অননুমোদিত ব্যবহার হিসেবে গণ্য হবে।
এর গুরুতর পরিণতি হিসেবে ভবিষ্যতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর চিরতরে বা স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাই ভিসা ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









