২৪-এর চেতনা রক্ষায় ব্যর্থ হলে পুনরায় গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি আসিফ মাহমুদের

ঢাকা, ৫ এপ্রিল – জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন ও চেতনা রক্ষা করা সম্ভব না হলে ২০২৬ বা ২০২৭ সালে দেশে আবারও একই ধরনের গণআন্দোলনের পুনরাবৃত্তি হতে পারে। অতীতে ৬৯ এর গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে না পারার কারণেই ৭১ সালের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন।
রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মূলত সরকারের পক্ষ থেকে গণভোটের রায় উপেক্ষা করা, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিএনপি বারবার সংবিধানের কথা বললেও প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা নিজেরাই তা লঙ্ঘন করছে।
সংবিধানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু পূর্ববর্তী অধ্যাদেশগুলো বহাল রেখে নির্বাহী বিভাগের হাতে এমন ক্ষমতা রাখা হয়েছে, যার মাধ্যমে যেকোনো নির্বাচিত প্রতিনিধিকে সহজে অপসারণ করা যায়। এর ফলে বিরোধী দলের কেউ নির্বাচিত হলে তাকে অপসারণের ভয় দেখিয়ে অনুগত প্রশাসক বানিয়ে রাখার সুযোগ তৈরি হচ্ছে।
ফোনে আড়ি পাতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিগত আওয়ামী শাসনামলে ১৮ থেকে ১৯টি সংস্থার হাতে মানুষের ব্যক্তিগত ফোনে আড়ি পাতার ক্ষমতা ছিল এবং এর কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা কমিয়ে মাত্র ৪টি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করেছিল এবং আদালতের অনুমতি বাধ্যতামূলক করেছিল। কিন্তু বর্তমান সরকার সেই সংস্কারধর্মী অধ্যাদেশ বাতিল করে আবারও সংস্থাগুলোর হাতে অবাধে আড়ি পাতার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে।
এনসিপির এই মুখপাত্র আরও বলেন, বিগত সময়ে দেশে ফ্যাসিবাদ দেখা গেছে এবং এখন বর্তমান সরকারের মধ্যেও স্বৈরাচারের সব লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। সরকার যদি গণভোটের রায় মেনে না নেয়, তবে সেদিন থেকেই তাদের অবৈধ সরকার হিসেবে ঘোষণা করা হবে। সরকারকে শুরু থেকেই সহযোগিতা করার ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের সদিচ্ছার অভাবে তা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।
তিনি উল্লেখ করেন, বিরোধী জোটের এত দ্রুত রাজপথে নামার কোনো পরিকল্পনা ছিল না। তবে গণভোট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই, যা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার কমিটির সদস্য জাবেদ রাসেল এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬









