মার্কিন পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করেছে ইরান: আইআরজিসি

তেহরান, ৫ এপ্রিল – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তাদের ভূখণ্ডে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। উল্টো এই উদ্ধার মিশনে অংশ নেওয়া বেশ কয়েকটি মার্কিন বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরানি বাহিনী। রবিবার আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশের মধ্যাঞ্চলে মার্কিন বিমান প্রবেশের পর সেগুলো ধ্বংস করা হয়েছে।
অ্যারোস্পেস, স্থলবাহিনী, বাসিজ এবং পুলিশের যৌথ এই অভিযানে যুক্তরাষ্ট্র আবারও একটি অপমানজনক পরাজয় বরণ করেছে বলে উল্লেখ করা হয়। এর একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন যে, মার্কিন সামরিক বাহিনী এক সফল অভিযানের মাধ্যমে তাদের পাইলটকে উদ্ধার করেছে। ট্রাম্পের ওই দাবির পরপরই ইরানের পক্ষ থেকে এমন বিপরীতমুখী ঘোষণা আসে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের একজন মুখপাত্র জানান, আইআরজিসি, সেনাবাহিনী, বাসিজ ও পুলিশের যোদ্ধাদের সময়োপযোগী এবং যৌথ অভিযানের ফলে শত্রুপক্ষের পাইলট উদ্ধারের প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এই অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি ১৩০ পরিবহন বিমান সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে গেছে। এছাড়া রবিবার ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসফাহান প্রদেশের আকাশে অনুপ্রবেশকারী দুটি ড্রোনও ধ্বংস করা হয়েছে।
এর মধ্যে একটি এমকিউ ৯ এবং অন্যটি হারমার্স ৯০০ ড্রোন ছিল। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলার মাধ্যমে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরু হয়। ওই হামলায় ইরানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমান্ডার নিহত হন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলের বিভিন্ন স্থান এবং অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নিজেদের আকাশসীমা রক্ষায় তারা বেশ কয়েকটি শত্রু যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ভূপাতিত করেছে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









