জাতীয়

দেশজুড়ে ৩ মে থেকে শুরু হচ্ছে বিশেষ হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ৫ এপ্রিল – দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ এবং বরিশাল জেলায় আগামী রবিবার থেকেই এই কার্যক্রম চালু হবে। রবিবার ঢাকার নবাবগঞ্জে আয়োজিত হামের টিকাদান কর্মসূচির এক উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রবিবার থেকে নির্বাচিত দুই সিটি করপোরেশন ও দুই জেলায় বিশেষ এই কর্মসূচি শুরু হবে এবং পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ৩ মে থেকে দেশের বাকি সব জেলা ও উপজেলায় শিশুদের ঝুঁকিমুক্ত রাখতে ধাপে ধাপে টিকা দেওয়া হবে। বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, হাম এখন এমন এক উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে যা করোনা মহামারির চেয়ে কোনো অংশে কম নয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language