লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নি*হত ৫৪, আইডিএফের এক সেনা নি*হত

বৈরুত, ৫ এপ্রিল – গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫৬ জন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, মোট প্রাণহানি দাঁড়িয়েছে এক হাজার ৪২২ জনে।
এছাড়া আহত হয়েছেন চার হাজার ২৯৪ জন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে। ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও গত ২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত হামলার পর এই অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। এর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
হিজবুল্লাহর দাবি, লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের ঘটনার জবাবে এসব হামলা চালানো হচ্ছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনার সময় নিজেদের গুলিতে ইসরায়েলি সামরিক বাহিনীর এক সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা। শনিবার ৪ এপ্রিল ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









