নির্বাচনের পর প্রথম বৈঠকে বিএনপি, সভাপতিত্ব করছেন তারেক রহমান

ঢাকা, ৪ এপ্রিল – নির্বাচনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের শীর্ষ নেতা ও চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার ৪ এপ্রিল রাত ৮টার কিছু আগে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। সশরীরে উপস্থিত থাকা নেতাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যুক্ত হয়েছেন। অন্যদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বৈঠকে অংশ নিতে পারেননি।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় সংসদ সদস্য নির্বাচনের বিষয়টি এই বৈঠকের অন্যতম আলোচ্য সূচি। এর পাশাপাশি সরকারের বর্তমান কর্মকাণ্ড এবং দলের সার্বিক সাংগঠনিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









