বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা, ৪ এপ্রিল – বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি আধুনিক মানের ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। আগামীতে এই উৎসবকে বৈশাখী শোভাযাত্রা নামেই পালন করা হবে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলে আসা পহেলা বৈশাখের এই শোভাযাত্রা বাংলাদেশি তথা বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য ঐতিহ্য। এটি কোনো নির্দিষ্ট দলের নয় বরং সকল মানুষের সার্বজনীন উৎসব। তাই এবার থেকে এর নাম মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা কোনটিই থাকছে না, এটি হবে বৈশাখী শোভাযাত্রা। সংস্কৃতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
যারা ভোট দেয়নি, তারাও সরকারের সব ধরনের সহযোগিতা ও নাগরিক সুবিধা পাবে বলে তিনি আশ্বস্ত করেন। জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্ল্যা আজাদ। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









