মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

ওয়াশিংটন, ৪ এপ্রিল – যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে এই তথ্য উঠে এসেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে তেহরান এই প্রস্তাব গ্রহণ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায় গত বুধবার একটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে এই যুদ্ধবিরতির প্রস্তাবটি পাঠানো হয়েছিল।

তবে প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে ঠিক তখনই এই প্রস্তাবটি সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেওয়ার বদলে হামলার মাত্রা বাড়িয়ে মাঠপর্যায়ে এর কড়া জবাব দিয়েছে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। দেশটি ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির কারণে গোটা মধ্যপ্রাচ্য একটি উত্তপ্ত অঞ্চলে পরিণত হয়েছে। এছাড়া বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language