মেহেরপুর

মেহেরপুর সীমান্তে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার

মেহেরপুর, ১ এপ্রিল – মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা পুলিশ। একই সঙ্গে লাইসেন্স ছাড়া অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এই অভিযান চালানো হয়। মেহেরপুর সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল এতে অংশ নেয়।

পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ফারাবী ট্রেডার্স নামের একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৬টি ব্যারেলে থাকা মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করে পুলিশ।

গুদামটি ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যেই অবস্থিত। সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই তেলগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল এবং সীমান্ত এলাকায় চোরাকারবারের সঙ্গে এর সংশ্লিষ্টতা থাকতে পারে।

অভিযান শেষে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে গুদাম মালিক আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান সীমান্ত এলাকায় অবৈধভাবে তেল মজুদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জব্দকৃত তেল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সীমান্ত এলাকায় অবৈধ পণ্য মজুদ এবং চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language