পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১ এপ্রিল – বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেচনিয়াক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রতিমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি অফিস এবং বিভিন্ন সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতিসংঘের ভূমিকার বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে নিজের কাজ করার অতীত অভিজ্ঞতাও এ সময় তুলে ধরেন প্রতিমন্ত্রী।
সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন বার্তার কথা স্মরণ করে তিনি নতুন সরকারের লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
২০২৫ সালে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম জানান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তার অর্থায়ন নিশ্চিতে তিনি জাতিসংঘের সহযোগিতা চান।
বৈঠকে ক্যারল ফ্লোর স্মেরেচনিয়াক বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার পাশাপাশি নারী ক্ষমতায়ন লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী এসব অগ্রাধিকার বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এর আগে জাতিসংঘের এই প্রতিনিধি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন।
এনএন/ ১ এপ্রিল ২০২৬









