যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

ওয়াশিংটন, ৩১ মার্চ – ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ তিন বছরের বেশি সময় পর দেশটিতে প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম চার ডলারের ঘর অতিক্রম করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম গড়ে প্রায় ১ দশমিক ৬ ডলার বেড়েছে। শতাংশের হিসাবে এই মূল্যবৃদ্ধির হার প্রায় ৩৬ শতাংশ।
যুক্তরাষ্ট্রে এর আগে সর্বশেষ ২০২২ সালের আগস্ট মাসে জ্বালানি তেলের দাম গ্যালনপ্রতি চার ডলারের সীমা অতিক্রম করেছিল। সে সময় রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।
এদিকে জ্বালানির এই মূল্যবৃদ্ধি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট পদ পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরে তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









