ঢাকা মেডিক্যালসহ দেশের পাঁচ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

ঢাকা, ৩১ মার্চ – ঢাকা মেডিক্যাল কলেজসহ দেশের শীর্ষস্থানীয় পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল ১ শাখার উপসচিব দূর রে শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে একটি মেডিক্যাল কলেজে নতুন উপাধ্যক্ষও নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অধ্যাপক ডা. মোহাম্মদ মনির উজ জামান। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের আরেক কর্মকর্তা অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খান।
অন্যদিকে নোয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন একই প্রতিষ্ঠানের নাক কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খানকে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









