আগের স্বামী রেখেই বিয়ের অভিযোগ অস্বীকার তামিমার, নাসিরের কারাদণ্ডের শঙ্কা

ঢাকা, ৩০ মার্চ – আইনগত বিচ্ছেদ সম্পন্ন না করেই পুনরায় বিয়ের অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন তিনি।
মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এরপরই অভিযোগ ওঠে যে তামিমা তার আগের স্বামী রাকিব হাসানকে আইনগতভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। বিচার চলাকালীন এই মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মির পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।
এনএন/ ৩০ মার্চ ২০২৬








