জাতীয়

উন্নয়ন কাজের মান যাচাইয়ে প্রকৌশলীদের মাঠে থাকার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

ঢাকা, ৩০ মার্চ – ঢাকা উত্তর সিটি করপোরেশনের চলমান সব উন্নয়নমূলক কাজের মান যাচাই করতে নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান সিটি করপোরেশনের চলমান কাজের মান নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কাজের গুণগত মান যাচাই করতে হবে।

কোনো নিম্নমানের কাজ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করে পুনরায় যথাযথভাবে কাজ আদায় করে নিতে হবে। সোমবার বিকেলে নগর ভবনে ডিএনসিসির চলমান সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি গুণমান ও গতিশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে ঠিকাদারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশাসক এসব কথা বলেন। প্রশাসক আরও উল্লেখ করেন ডিএনসিসি ও ঠিকাদারদের মধ্যে কার্যকর বোঝাপড়া থাকতে হবে।

কাউকে বাদ দিয়ে নয় বরং সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে কাজ করতে হবে। কাজের ক্ষেত্রে দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় ডিএনসিসিকে অগ্রগামী থাকতে হবে এবং কারো প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে তিনি নিশ্চিত করেন।

সব ঠিকাদারের উদ্দেশে তিনি বলেন প্রতিটি কাজ নির্ধারিত সময়সূচির মধ্যেই সম্পন্ন করতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জানানো হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমানে ৩৪৮টি উন্নয়ন কাজ চলমান রয়েছে।

এসব কাজের আওতায় ২১৫ দশমিক ৬৫ কিলোমিটার রাস্তা ২১৫ দশমিক ১৩ কিলোমিটার নর্দমা এবং ৬৭ দশমিক ৫৯ কিলোমিটার ফুটপাতের উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে।

সভায় উপস্থিত বিভিন্ন ঠিকাদার তাদের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সেসব সমস্যার সমাধানে ডিএনসিসির সহায়তা কামনা করেন। সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language