উত্তর আমেরিকা

ইরানের ইউরেনিয়াম জব্দে সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন ট্রাম্প

তেহরান, ৩০ মার্চ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় এক হাজার পাউন্ড উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের উদ্দেশ্যে একটি সামরিক অভিযান পরিচালনার কথা বিবেচনা করছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে যে, এই ধরনের কোনো অভিযান বাস্তবায়িত হলে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করতে হতে পারে।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। তবে তিনি এই পরিকল্পনার প্রতি বেশ ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন বলে জানা গেছে। কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার যে মূল লক্ষ্য তিনি নির্ধারণ করেছেন, তা অর্জনে সরাসরি সহায়তা করতে পারে।

অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ইসফাহান পারমাণবিক কেন্দ্রে মজুত রাখা ইউরেনিয়াম জব্দ করার কাজে ব্যবহার করা হতে পারে। এছাড়া হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এবং খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার মতো বিকল্পও বিবেচনায় রয়েছে।

চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক টাইমসের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইসফাহানের একটি পাহাড়ের গভীরে থাকা প্রায় বোমা তৈরির উপযোগী পারমাণবিক উপাদান ধ্বংস করার জন্য ট্রাম্প একটি অভিযানের কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন। তবে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস উভয় সংবাদমাধ্যমই সতর্ক করে উল্লেখ করেছে যে, এই ধরনের যেকোনো সামরিক অভিযান অত্যন্ত জটিল এবং চরম ঝুঁকিপূর্ণ হবে।

এ এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language