স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা, ৩০ মার্চ – জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে শ্রদ্ধা জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তীতে স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে। উল্লেখ্য, গত ২৮ মার্চ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









